

উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ সংক্রান্ত ও ড. সায়েমকে অব্যাহতি প্রদানের প্রজ্ঞাপনকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অংশ নিয়েছেন।
মানববন্ধনে তারা ‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’, ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি মানববন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি পাঠ করেন শিক্ষার্থীরা।