

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজার নামাজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হত্যার বিচার ও নাগরিক নিরাপত্তার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
উপাচার্য বলেন, ‘এটি একটি অস্বাভাবিক মৃত্যু। আপনারা জানেন, অপ্রতিম গতকাল (শুক্রবার) থেকে নিখোঁজ ছিল। আজ দুপুরের পর তার লাশ পাওয়া যায়। দুজন সন্দেহভাজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আগামীকাল সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।’ তিনি নিহত অপ্রতিমের জানাজায় সবাইকে অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনার আহ্বান জানান।
এদিকে অপ্রতিমের হত্যার বিচার ও নাগরিক নিরাপত্তার দাবিতে জানাজা শেষে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তারা এ কর্মসূচির কথা জানান।