

ইরান পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বক্তব্য বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তিনি বলেছেন, যদি এখনই রাশ টেনে ধরা না যায়, তবে ‘কয়েক সপ্তাহের মধ্যে’ তেহরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে’।
একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটোমিক অ্যানার্জি এজেন্সি (আইএইএ)। সংস্থার মহাসচিব রাফায়েল মারিয়ানো গ্রোসি অভিযোগ করে বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচির নজরদারির ব্যাপারে আইএইএকে কোনো সহযোগিতা করছে না। এমনকি সংস্থার কোনো প্রশ্নেরও জবাব দিচ্ছে না।
যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফেরাতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর একটি আলোচনা অব্যাহত রয়েছে। গত ২ জুন পঞ্চম দফার আলোচনার পরও কোনো ধরনের সমাধান মেলেনি। এখন ষষ্ঠ দফার আলোচনার অপেক্ষা করছে উভয়পক্ষ। আগামী বৃহস্পতিবার ফের বৈঠক বসার কথা রয়েছে। এর মধ্যেই গায়ের ওপর নিঃশ্বাস ফেলছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। ভোটে জিতে কট্টর কেউ প্রেসিডেন্ট হয়ে এলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।